
নিউজ ডেস্কঃ সনদ অর্জন করা সহজ, ভালো মানুষ হওয়া কঠিন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ হল রুমে এক বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। তিনি বলেন, যে জাতি গুণীর কদর বুঝতে পারে না সেখানে গুণীজনের জন্ম হয় না। একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর। একজন ছাত্রকে ভালো মানুষ হিসেবে গড়ার ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম। সনদের জন্য পড়াশুনা না করে মানুষের মতো মানুষ হতে পড়াশুনা করতে হবে।
সম্প্রতিক বিষয় নিয়ে আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার নিয়ে কাজ করেছে। এক যুগে বিদ্যুতের উৎপাদনক্ষমতা ছয় গুণের বেশি বেড়েছে, উৎপাদনও বেড়েছে চার গুণের বেশি। বিদ্যুৎ খাত নিয়ে বরাবর গর্ব করে থাকে আওয়ামী লীগ। তবে গত এক বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির পর দেশে দেশে বিদ্যুৎ উৎপাদনে সাময়িক সমস্যা হচ্ছে। বিদ্যুৎ বিভাগ গত কয়েক বছরে লোডশেডিং শব্দটা ব্যবহার করত না। তারাই এখন লোডশেডিংয়ের জন্য আনুষ্ঠানিকভাবে এলাকাভিত্তিক সূচিও ঠিক করা হয়েছে। দিনে এক ঘণ্টা করে লোডশেডিং করে পরিস্থিতি সামাল দিতে না পারলে দুই ঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত হয়েছে।