
নিউজ ডেস্কঃ কানে হেডফোন লাগিয়ে রেল লাইনের ওপর বসে কথা বলার সময় রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে আতিকুর রহমান (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।শনিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের জামালপুর খালপাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতিকুর মাগুরা জেলার শ্রীপুর উপজেরার কাদিরপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও জামালপুর ইউনিয়নের খালপাড়ী মাদ্রাসার শিক্ষার্থী। উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম তাৎক্ষণিক দুর্ঘটনা কবলিত স্থানে যান। নিহতের বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ছেলেটি রেললাইনের ওপর মাথায় গামছা দিয়ে মোবাইলে কথা বলছিল। এরই মধ্যে একটি ট্রেনের ধাক্কায় সে নিহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।