
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারাদেশের সব জায়গায়ই ধুলা উড়ছে। দেশে এমন কোনো স্থান নেই যেখানে ধুলা নেই। দেশের সর্বোচ্চ আদালতও এ ধুলা নিয়ন্ত্রণের জন্য বলেছে। আর এ ধুলার কারণেই দেশে করোনা ভাইরাসের ঝুঁকি বেশি বলে মনে করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর সাধারণ মাস্কও ভাইরাস প্রতিরোধক নয় বলে এই প্রতিষ্ঠানের অভিমত। প্রতিষ্ঠানটির মতে সার্জিক্যাল মাস্কই ভাইরাস প্রতিরোধক হিসেবে কাজ করবে। তবে সবার মাস্ক পড়ার দরকার নেই বলেও জানিয়েছেন তারা।
আইইডিসিআর সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মাটিতে পড়ার পর অন্তত ৬ ঘণ্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। এ সময়ের মধ্যে কোন মানুষের দেহে তা প্রবেশ করলে সেই ব্যক্তি আক্রান্ত হতে পারে। প্রতিষ্ঠানটির গবেষণা কর্মকর্তারা বলেন, ভাইরাস আক্রান্ত মানুষের হাঁচি-কাশি থেকে এক মিটার দূরে থাকলে অন্যদের আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই। তবে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে যে ভাইরাস বের হয় তা মাটিতে পড়ে যায়। কারণ করোনাভাইরাস বাতাসে ভাসতে পারে না। তবে শঙ্কার বিষয় হচ্ছে, দেশে ব্যাপক ধুলা-ধূসর পরিবেশ বিরাজ করছে। এসব ধুলার সঙ্গে ভাইরাসও উড়ে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি এক গবেষণায় বলা হয়েছে, নতুন করোনাভাইরাস বাতাসে কয়েক ঘণ্টা টিকে থাকতে পারে। গবেষণাটি চালিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইইডি)।