
নিউজ ডেস্ক: বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। যেন বলিউডেও সেই হাওয়া এসে লাগল এবার । বলিউডের বেবিডল খ্যাত গায়িকা কনিকা কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই গায়িকা নিজেই টুইটবার্তায় জানান, তার করোনাভাইরাসে পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ইনস্টাগ্রামে কনিকা কাপুর বলেন, ‘চার দিন ধরে আমার জ্বর হয়েছিল। পরীক্ষা করে দেখলাম আমি করোনাভাইরাসে আক্রান্ত। আমি ও আমার পরিবার এখন কোয়ারেন্টিনে আছি। যাদের সংস্পর্শে গিয়েছি, তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। আমার এয়ারপোর্টে চেক হয়েছিল দশদিন আগে, তখন কিছু ধরা পড়েনি। আমি সুস্থ আছি, সাধারণ জ্বরের মতো একটু লাগছে।'’ কনিকার বাবা জানিয়েছেন, তিনি দিন দশেক আগে যুক্তরাজ্য থেকে ফিরে লখনউতে নিজের বাড়ি যান। কানপুরে একটি ও লখনউতে দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেই অনুষ্ঠানে অনেক রাজনীতিবিদ, আমলাসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসেন। ভারতে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রায় ২০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে এখন পর্যন্ত ছয়জন প্রাণ হারিয়েছেন।