
নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। এ ভাইরাসে দেশটিতে বিগত ২৪ ঘণ্টায় আরো ৪২৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা তিন হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৩২২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩৫ জন। এর আগে গত বুধবার ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে ৪৭৫ জন মারা যান। এখন পর্যন্ত এটাই যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। খবর: বিবিসি।
এদিকে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ১৯ মার্চ, বৃহম্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ৫ জন চিকিৎসকের মৃত্যু হয়। এতে করে দেশটিতে এখন পর্যন্ত ১৩ জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়াও দেশটির ২৬২৯ জন স্বাস্থ্যকর্মী এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। ইতালিতে গত ১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা করা হয়। এই সময় আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরেও দেশটিতে করোনার প্রকোপ থামানো যাচ্ছে না।