
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলাকে 'লকডাউন' করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এ ঘোষণা দেয়া হয়।বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। করোনা প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলার ওষুধ ও মুদি দোকান বাদে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, করোনা প্রতিরোধে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুধের দোকান ছাড়া উপজেলার সব হাটবাজার ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না থেকে জন সাধারণকে অনুরোধ জানানো হয়। শিবচর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন খান বলেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে। এ সময়ের মধ্যে শিবচর উপজেলায় থেকে কেউ প্রবেশ করতে পারবেন না এবং সেখান থেকে বেরও হতে পারবেন না।