
নিউজ ডেস্কঃ মরণব্যাধী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে কিট উৎপাদনের অনুমতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। ডা. জাফরুল্লাহ বলেন, ‘সরকারের ওষুধ প্রশাসন করোনাভাইরাস শনাক্তের কিট উৎপাদনের অনুমতি দিয়েছে। এই কিটের মাধ্যমে ১৫ মিনিটের মাধ্যমে জানা যাবে কোনো ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন কি না।’ আগামী দুই সপ্তাহের মধ্যে এই কিট বাজারজাত করা হতে পারে বলে বলেও জানান তিনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘এই কিটের কাঁচামাল যুক্তরাজ্য থেকে আসতে সাতদিনের মতো সময় লাগবে। কাঁচামাল এলেই আমরা উৎপাদনে যাবো। প্রথম দফায় এক লাখ কিট উৎপাদন করা হবে। ১০ লাখ টাকার কাঁচামাল লাগবে। প্রতিটি কিটের দাম হতে পারে ২০০ টাকার মতো। তবে এই কিট সরকারের কাছে বিক্রি করা হবে, জনসাধারণের কাছে নয়।’