
নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করা করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই ফ্রান্স থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে বিয়ে করে বসেছেন হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের মাসুক মিয়া। অথচ, ফ্রান্সেও করোনা ভাইরাসের প্রকোপ ভয়াবহ। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬৩৩ জন। আর মৃত্যু হয়েছে ১৪৮ জনের।অবশ্য শেষপর্যন্ত বিপাকে পড়েছেন ওই যুবক। প্রশাসন বিয়ের খবর জানতে পেরে তার ওয়ালিমা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে বর-কনেসহ উভয় পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যথায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা কর্মকার বলেন, করাব গ্রামের আলাই মিয়ার ছেলে মাসুক মিয়া গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে ফেরেন। ২৬ তারিখ পর্যন্ত তার বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু তিনি সোমবার (১৬ মার্চ) বিয়ে করে ফেলেন একই উপজেলার জিরুন্ডা গ্রামে।