News71.com
 Bangladesh
 19 Mar 20, 10:47 AM
 68           
 0
 19 Mar 20, 10:47 AM

করোনা মোকাবিলায় ডিএনসিসির বড় উদ্যোগ॥

করোনা মোকাবিলায় ডিএনসিসির বড় উদ্যোগ॥

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় নাগরিকদের সতর্ক করতে এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সরাসরি দায়িত্বের মধ্যে না পড়লেও এবং সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে বলে দাবি সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ডিএনসিসির বিভিন্ন বিভাগ বিশেষ করে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা ইস্যুতে নাগরিকদের সচেতন করতে সংস্থাটির বিভিন্ন এনজিওগুলো থেকে সাহায্য নিচ্ছে। করোনার মতো গুরুতর রোগ মোকাবিলা ও এর চিকিৎসায় নিজস্ব লোকবল নেই ডিএনসিসির। তবে এনজিওকর্মীদের দিয়ে কমিউনিটিতে সচেতনতা বাড়াতে এবং নাগরিকদের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্যকর্মী তো সেভাবে নেই। আছে মশককর্মী। তাদের দিয়ে তো করোনা ইস্যুতে কাজ করানো যাবে না। সামনে এডিস মশার মৌসুমও আসছে। এ জন্য আমরা আমাদের বিভিন্ন এনজিও সহযোগীদের সাহায্য নিচ্ছি। তাদের কর্মীদের মাধ্যমে আমরা কমিউনিটিতে করোনা সংক্রান্ত বার্তা পৌঁছে দিচ্ছি। বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হচ্ছে।

ডেঙ্গুর পাশাপাশি এবং এখন হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে কাজ করছি আমরা। এই সময় করোনা নিয়েও জনসচেতনতা তৈরিতে অ্যাডভোকেসি করছি আমরা। প্রতিটি অ্যাডভোকেসি সভাতেই এই বিষয়ে কথা হচ্ছে। একই সঙ্গে আমাদের যে পাঁচটি মাতৃসদন আছে সেখানে কেউ আসলেই প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদের হাত ধোয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। তবে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) প্রয়োজনীয় সাহায্য করা হচ্ছে বলেও জানান জেনারেল মামুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন