
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনকারী আরডিসি নাজিম উদ্দীন এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। যশোরের মনিরামপুরের হতদরিদ্র পরিবারের সেই নাজিম উদ্দীন এখন প্রচুর অর্থ-সম্পদের মালিক। তার বিরুদ্ধে স্ত্রী ও শ্বশুরের নামে কোটি টাকার জমি ক্রয় ও আলিশান বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। মনিরামপুর পৌরশহরে ৮ শতাংশ জমির ওপর পাঁচতলা বিশিষ্ট অট্টালিকা নির্মাণাধীন রয়েছে। ইতিমধ্যে চারতলার কাজ সম্পন্ন হয়েছে। সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সরেজমিন মনিরামপুরের কাশিপুর গ্রামে গেলে স্থানীয়রা জানান, মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত নিছার আলীর ছেলে নাজিম উদ্দীন। দরিদ্র পরিবারের সন্তান নাজিম উদ্দীন মেধাবী হওয়ায় লেখাপড়ায় স্থানীয়রা সহযোগিতা করেছেন। তার দিনমজুর বাবা জামায়াতের সমর্থক ছিলেন। প্রথমে নিছার আলী টালি ভাটার শ্রমিকের কাজও করেছেন।
পিতা জামায়াত ঘরানার হলেও নানার পরিবার আওয়ামী লীগ সমর্থক হওয়ায় নাজিম উদ্দীনের ওপরে ওঠার সিঁড়ি পেতে অসুবিধা হয়নি। নাজিম উদ্দীন মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজে লেখাপড়া করেছেন। একই কলেজের ছাত্রলীগের তত্কালীন আহ্বায়ক সন্দীপ ঘোষ জানান, নাজিম উদ্দীন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল। নাজিম উদ্দীনের বিরুদ্ধে কক্সবাজার, বাগেরহাট ও মাগুরার মহাম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) থাকা কালে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগসহ এক বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মারতে মারতে নেওয়ার ভিডিও ইতিমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসি ল্যান্ড থাকাকালে তিনি ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে বিপুল অঙ্কের অর্থ উর্পাজন করে বলে অভিযোগ করেন এলাকাবাসী।