
নিউজ ডেস্কঃ নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন করা হলো বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। সৌদি আরব ও কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংযুক্ত আরব আমিরাতে প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কানাডায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ডাক টিকিট প্রকাশ করে দেশটির ডাক বিভাগ। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতে প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। সংগঠনটি উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। কর্মসূচিতে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মোনাজাত। কানাডা ডাক বিভাগ এবং বাংলাদেশ হাই-কমিশনের উদ্যোগে মুজিববর্ষের স্বারক ডাক টিকেট প্রকাশ করা হয়। নিকারাগুয়া, ত্রিনিদাদ ও আর্জেন্টিনায় মুজিব শতবর্ষে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানান কানাডায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান।