
নিউজ ডেস্কঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তুজা ছাত্রলীগের প্রতি, বঙ্গবন্ধুর আদর্শ মেনে নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে জেলা ছাত্রলীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও তারুণ্য’ শির্ষক সেমিনারে বুধবার (১৮ মার্চ) দুপুরে প্রধান অতিথির বক্তব্য মাশরাফি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, ছাত্রলীগের সকল কর্মকাণ্ডের সঙ্গে বঙ্গবন্ধুর মর্যাদার প্রশ্ন জড়িত- বলে এক মন্তব্যে নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে, তাদের কোনো অনৈতিক কাজে না জড়ানোর আহ্বান জানান তিনি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সেমিনারে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম সভাপতিত্ব করেন। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহম্মদ ফায়েক উজ্জামান। এ ছাড়াও জেলা আওয়ামী লীগগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান নিলু, সদর পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।