
নিউজ ডেস্কঃ সিঙ্গাপুর থেকে বাড়িতে ফিরে কোয়ারেন্টাইনে না থেকে পরের দিনই বিয়ে করেছেন টাঙ্গাইলের মধুপুরের এক যুবক। হোম কোয়ারেন্টাইনে থাকা ও লোক সমাজে না যাওয়ার নির্দেশনা অমান্য করে ওই যুবক ১৪ মার্চ বাড়িতে ফিরে ১৫ মার্চ বিয়ে করেন।বুধবার (১৮ মার্চ) দুপুরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, ওই যুবক অসুস্থ নন। তবুও তার সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য দেওয়া হয়েছে। উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু জানান, ওই যুবকের বিদেশ থেকে ফেরার বিষয়টি তিনি জানতেন না। জানার পর তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিয়ে করার বিষয়টিও তিনি জানেন না বলে জানিয়েছেন।১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন জানান, সিঙ্গাপুর ফেরত ওই যুবক ছাড়াও শোলাকুড়িতে আরও একজন বিদেশ ফেরত লোকের সন্ধান পাওয়া গেছে। তাদের মধ্যে কোনো লক্ষণ পাওয়া যায়নি। হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) পরিদর্শনে যাওয়া হবে।