
নিউজ ডেস্ক: হাসপাতালে ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস ধুয়ে আবার বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে ১৮ মার্চ, বুধবার গাজীপুরের টঙ্গীতে অভিযান চালায় পুলিশ। এসময় দুজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমানে মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস। জানা গেছে, রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের কয়েকটি হাসপাতালের ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক, মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছে নাছির (৩৫) নামের এক ব্যক্তি। এমন দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস উদ্ধার করে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ দোকানের ম্যানেজার ও আয়রনম্যান সহ দু‘জনকে আটক করে। তবে, মূলহোতা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুলহোতাকে আটক করতে পুলিশ অভিযান করছে।