
নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুর উপজেলায় বাসুদেবপুর গ্রামে মঙ্গলবার ভোরে প্রাইভেট পড়তে গিয়ে ইকলাস হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্থানীয় পলাশী মোড় সংলগ্ন জামে মসজিদের পাশে ফেলে যায়। লাশের কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ইকলাস হোসেন জেলার বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের আবু হানিফের ছেলে।
জানা যায়, ইকলাস পাঁচ বছর বয়স থেকে যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামে নানা আইয়ার আলীর বাড়িতে লেখাপড়া করতেন। তিনি রুদ্রপুর কলেজের বাণিজ্য শাখার ছাত্র। আসন্ন এইচএসসি পরীক্ষায় তার অংশ নেয়ার কথা ছিল। স্থানীয়দের ধারণা, মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে ও শ্বাসরোধ করে ইকলাসকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তার মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করেছে। খুনের ঘটনাটি পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
ইকলাসের নানা আইহার আলী জানান, ‘ইকলাস মণিরামপুরের বাসুদেবপুর গ্রামের শিক্ষক ইব্রাহিমের কাছে ইংরেজি প্রাইভেট পড়ত। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নামাজ শেষে সে প্রাইভেট পড়তে যায়। এর ঘণ্টাখানেক পর তার মৃত্যুর খবর আসে।’ স্থানীয়রা জানান, সকালে মসজিদের নলকূপে ওজু করতে এসে এলাকার এক ব্যক্তি একটি লাশ পড়ে থাকতে দেখেন। এরপর খবরটি ছড়িয়ে পড়ে ও পুলিশকে খবর দেয়া হয়। খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন বলেন, খুনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।