
নিউজ ডেস্ক: শেখ হাসিনার মতো একজন নেত্রী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শেখ হাসিনার মতো একজন নেত্রী পেয়েছি বলেই সঠিকভাবে করোনাভাইরাস মোকাবেলা করতে পারছি। উনি প্রতি মুহূর্তে আমাদের সাহস যোগাচ্ছেন, নতুন নতুন পদক্ষেপ নিতে সাহায্য করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মঙ্গলবার রাজধানীর আজিমপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি। ওই সময় উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান ও সাংসদ একেএম রহমতুল্লাহ। বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, দলটি (বিএনপি) সবসময় ভুলের রাজনীতি করে। করোনা নিয়েও তারা অযথা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। এছাড়া সারা পৃথিবী যখন জাতির জনককে শ্রদ্ধা করছে তখন এই দলটি তা করছে না।