
নিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বাজারে ছাড়া হলো ২০০ টাকা মূল্যমানের নোট। আজ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাজারে এ নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে গত মাসে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, বাজারে প্রচলিত কাগজের নোটগুলোর মতোই হবে ২০০ টাকার নোট। মুজিববর্ষ উপলক্ষে মার্চে স্মারক ও দুই ধরনের ২০০ টাকা মূল্যমানের কাগজের নোট বাজারে ছাড়া হবে। তবে আগামী বছর অর্থাৎ ২০২১ সাল থেকে এই নোট নিয়মিত বাজারে থাকবে। এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ২০০ টাকা নোটের পাশাপাশি পাওয়া যাচ্ছে ১০০ টাকা মূল্যমানের স্বর্ণ ও রূপার স্মারক মুদ্রা। উল্লেখ্য, বাজারে ছাড়া ২০০ টাকার এ নোটের ওপর লেখা রয়েছে ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট’। তবে ২০২১ সালে বাজারে যে নোট ছাড়া হবে, তাতে এ কথা লেখা থাকবে না।