
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭৫) মারা গেছেন। গতকাল সোমবার স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, লন্ডনে তার এক পুত্র পরিবারসহ বসবাস করেন। গত বছরের শেষ দিকে তার নাতনীর বিয়ে উপলক্ষে সেখান বেড়াতে যান তিনি। নাতনীর বিয়ের পর যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বর্নমাউথ সমুদ্র সৈকতে ভ্রমণে যান। পরে সেখান থেকে ফেরার পর পরই ব্রেইন স্ট্রোক করেন মাহমুদুর রহমান। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরীক্ষার পর ভাইরাসটির উপস্থিতিও শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তিনি মারা যান। মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা মাহমুদুর রহমান একটি ট্রাভেলস এজেন্সির মালিক ছিলেন। তার আরেক ছেলে বাংলাদেশেই থাকেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আরো দুই বাংলাদেশি মারা যান। এর মধ্যে প্রথমজন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি। সম্প্রতি তিনি ইতালি থেকে যুক্তরাজ্যে ফেরেন। এরপরই করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ তার মৃত্যু হয়। অপরজন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা ৬৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি। গত ১৩ মার্চ তিনি মারা যান।