News71.com
 Bangladesh
 16 Mar 20, 02:00 PM
 105           
 0
 16 Mar 20, 02:00 PM

চালু হলো ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন সেবা।।

চালু হলো ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন সেবা।।

নিউজ ডেস্কঃ ভোক্তাদের অধিকার নিশ্চিতে চালু হলো ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন সেবা। সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ১৬১২১ হটলাইন নম্বরের মাধ্যমে এ সেবা চালু থাকবে। এতে কোনো ভোক্তা সেবা বা পণ্য কিনে প্রতারিত হলে সঙ্গে সঙ্গে অভিযোগ করতে পারবেন। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হটলাইন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

 

বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও 'মুজিববর্ষের অঙ্গীকার সুরক্ষিত ভোক্তা অধিকার' প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ব্যবসা। অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নানা সূচকে দৃশ্যমান উন্নতির ফলে এখন বিশ্ব অর্থনীতির অন্যতম উদীয়মান শক্তি বাংলাদেশ। আমাদের পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ ও বিক্রয় কার্যক্রমের মানোন্নয়ন হয়েছে। সে ধারাবাহিকতায় ভোক্তার চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাজারব্যবস্থা হতে হবে ভোক্তাবান্ধব ও নিরাপদ।

 

ব্যবসায়ীদের সদিচ্ছা, চেষ্টা, আইনানুগ ব্যবসা পরিচালনাই গড়ে তুলতে পারে একটি সুস্থ ও সহযোগিতামূলক উৎপাদক-ব্যবসায়ী-ভোক্তা সম্পর্ক। এ বিষয়গুলো বিবেচনায় নিয়েই যাতে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালিত হয় সেজন্য মন্ত্রী উপস্থিত ব্যবসায়িক নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ভোক্তা সাধারণকে তাদের অধিকার ও দায়িত্বের প্রতি সজাগ থেকে সেবা ও পণ্য কিনতে হবে। এবারের বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্যাপনের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ন ও দিকনির্দেশনায় আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন