News71.com
 Bangladesh
 16 Mar 20, 11:39 AM
 104           
 0
 16 Mar 20, 11:39 AM

মুজিববর্ষ উদযাপনে প্রস্তুত দেশ।।

মুজিববর্ষ উদযাপনে প্রস্তুত দেশ।।

নিউজ ডেস্কঃ সমাগত সেই মাহেন্দ্রক্ষণ। আর মাত্র এক দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। করোনাভাইরাসের কারণে সীমিত আকারে এদিন 'মুজিববর্ষ' উদযাপনের সূচনা ঘটানো হলেও আরেকটি উৎসবের অপেক্ষায় গোটা জাতি। আপাতত জনসমাবেশ এড়িয়ে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন হলেও সর্বত্র থাকবে প্রাণের ছোঁয়া- প্রত্যাশা করা হচ্ছে এমনটাই।

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এ বছর যার শতবর্ষপূর্তি হতে যাচ্ছে। এই দিনটি উদযাপনে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরব্যাপী বর্ণাঢ্য আয়োজনের  ঘোষণা দিয়েছিলেন গত বছরই। মুজিব শতবর্ষকে ঘিরে এ বছরের ১৭ মার্চ থেকে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত 'মুজিববর্ষ' উদযাপনের ওই ঘোষণা দেওয়া হয়।

 

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি গঠন করে দেশজুড়ে নানা আয়োজনের মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন ছাড়াও বেসরকারি পর্যায়েও ছিল ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি। তবে বাংলাদেশসহ বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সার্বিক বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং জনস্বাস্থ্যের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিববর্ষের আয়োজন পুনর্বিন্যাস করা হয়।

 

জনসমাবেশ এড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানসহ অনেক কর্মসূচি আপাতত স্থগিত করা হয়। অনেক কর্মসূচিতে কাটছাঁট করে সীমিত আকারে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়। আজ থেকে জনসমাবেশ এড়িয়ে সেসব কর্মসূচির সূচনা ঘটতে যাচ্ছে। তবে পরিস্থিতির উত্তরণ হলে সুবিধাজনক সময়ে বর্ণাঢ্য আয়োজনের কথাও জানিয়ে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন