
নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে ‘কোভিড-১৯ জরুরি তহবিল’ গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার বিকেলে সার্কের আট দেশের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে এ প্রস্তাব দেন তিনি। মোদি বলেন, ভাইরাসের ভয়াবহতা ঠেকাতে স্বেচ্ছা-সহায়তার ভিত্তিতে এই তহবিল গঠন করা সম্ভব। প্রাথমিকভাবে ভারত এই তহবিলে এক কোটি ডলার প্রদান করে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারে। তহবিলটি পরিচালিত হবে সার্কভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো সমন্বয়ে। ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন, প্রস্তাবিত তহবিলে র্যাপিড রেসপন্স টিম গঠন, পরীক্ষা সামগ্রী এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করা হবে। ভিডিও কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন পর্যন্ত এখানে পাঁচজনের দেহে এ ভাইরাসের আলামত পাওয়া গেছে। এ ছাড়া অন্য কোথাও সংক্রণের ঘটনা পাওয়া যায়নি। ভাইরাসটি মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর কৌশলগত বিষয় নিয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিবরা আলোচনা করতে পারেন। আমি আশা করছি, আজকের সম্মেলন করোনা মোকাবেলায় সবাইকে নতুন পথের দিশা দেবে।