News71.com
 Bangladesh
 16 Mar 20, 12:19 AM
 71           
 0
 16 Mar 20, 12:19 AM

করোনায় পেছাবে না চট্টগ্রাম সিটি নির্বাচন: সিইসি

করোনায় পেছাবে না চট্টগ্রাম সিটি নির্বাচন: সিইসি

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডের স্থানীয় ও মেয়র নির্বাচন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। তবে করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠানের তৎপরতা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে চসিক নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। গত শনিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, 'আমরা করোনা নিয়ে কথা বলেছি, মতামত জানতে চেয়েছি। মোটামুটি এ পর্যন্ত যে পরিস্থিতি, তাতে এ ভাইরাসকে জাতীয় পর্যায়ে দুর্যোগপূর্ণ হিসেবে সরকার ঘোষণা করেনি। সে জন্য নির্বাচন বন্ধ করার মতো কোনো পরিস্থিতি এখনো আসেনি।'

 

ভোটের দিন অফিস খোলা, গাড়িও চলবে : সিইসি বলেন, 'চট্টগ্রামের নির্বাচন নিয়ে আমরা অতিরিক্ত কিছু পদক্ষেপ নিয়েছি। নির্বাচনের দিনে আমরা সাধারণত সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত দেই। কিন্তু যেহেতু ২৬ থেকে ২৯ মার্চ টানা কয়েক দিনের বন্ধ। এ অবস্থায় আমরা যদি নির্বাচনের দিন অফিস বন্ধ রাখি তাহলে চারদিন-পাঁচদিনের একটি ছুটির ফাঁদে পড়বে ভোটাররা। তখন তারা নির্বাচনকে প্রাধান্য না দিয়ে, বাড়ি চলে যেতে পারে। এ প্রেক্ষাপট বিবেচনা করে নির্বাচনের দিন অর্ধবেলা অফিস খোলা থাকবে, বিকেলের দিকে অফিস বন্ধ থাকবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন