
নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর চকবাজার থানায় মামলা করা হয়েছে ক্যাসিনো ব্যবসায়ী মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার চকবাজার থানায় মামলাটি করেন মো. আশিকুর রহমান নামে এক ব্যক্তি। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। মামলার এজাহারে বলা হয়েছে, রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ক্ষুণ্ন করা, বিভ্রান্তি ছড়াতে উদ্দেশ্যে, অপপ্রচার ও মিথ্যা জানা সত্ত্বেও লাবলু তার ‘শুদ্ধ সত্য’ নামীয় ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় ও জাতীয় পর্যায়ের অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে অপপ্রচার চালাচ্ছেন। অনুমতি ব্যতিত তথ্য সংগ্রহ পূর্বক ইউটিউবে আক্রমণাত্মক, মিথ্যা ও মানহানিকর তথ্য ধারণ করা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে প্রচার-প্রচারণা ও সহায়তা করার অপরাধ। মামলার বাদী মো. আশিকুর রহমান জানান, গত বুধবার আমি নিজে ভিডিওগুলি দেখি এবং একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আহত, অপমানিত এবং সংক্ষুব্ধ হই। তাই পরদিন বৃহস্পতিবার রাষ্ট্রীয় ক্ষতি সাধনকারী উক্ত ব্যক্তিকে (মাহবুব আলম লাবলু) ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে চকবাজার থানায় মামলা দায়ের করি। চকবাজার থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ক্যাসিনো ব্যবসায়ী মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি নথিভুক্ত করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান মামলাটি তদন্ত করছেন।