
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে চীনের অর্থনীতির প্রভাব বিশ্বের অন্য দেশগুলোতেও পড়ছে। চীনের অর্থনীতির দুর্দশার ফলে ক্ষতিগ্রস্ত শীর্ষ ২০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে।গ্লোবাল ট্রেড ইম্প্যাক্ট অব দ্য করোনা ভাইরাস (কোভিড-১৯) এপিডেমিক’ শিরোনামে আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে চীনের মধ্যবর্তী পণ্য রপ্তানি ২ শতাংশ কমলে যে ২০টি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ তার একটি।
বিশেষ করে সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হওয়ার কারণে দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে চীনের সাপ্লাই চেইন যদি ২ শতাংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ২০টি দেশের অর্থনীতিতে যে ক্ষতি হবে তার পরিমাণ ৫০ বিলিয়ন ডলার হতে পারে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প খাত, কাঠ ও আসবাব শিল্প এবং চামড়াশিল্পে ক্ষতির আশঙ্কা করছে জাতিসংঘ।