
নিউজ ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ শনিবার বিকেলে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিকেল চারটায় খুলনা থেকে বরিশালগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। নিহত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।