
নিউজ ডেস্কঃ ভোট চাওয়ার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, দেশের বর্তমান তাপমাত্রায় করোনা ভাইরাস তেমন প্রভাব ফেলবে না। তবুও আমাদের সচেতন থাকতে হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ প্রচারণা চালান। ডা. শাহাদাত হোসেন বলেন, মেয়র নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত ও পর্যটন নগর হিসেবে গড়ে তুলবো। নিরাপদ, সাম্য ও সম্প্রীতির শহরে পরিণত করবো। ডেঙ্গু প্রতিরোধে বিএনপি যেভাবে গণসচেতনা তৈরি করেছে করোনা প্রতিরোধেও মানুষের মাঝে সচেতনতা তৈরি করছে। ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি জায়গায় ওষুধ ছিটানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে জয়ের জন্য মাঠে নেমেছে বিএনপি। ভয়কে জয় করে প্রতিটি কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের পাহারা দিতে হবে। পরে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।