
নিউজ ডেস্কঃ র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফ উপজেলায় বুধবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের শাপলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামু উপজেলার পূর্ব উমখালীর আবদুস শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম সোহেল ওরফে ডিবি সাইফুল (৩৮) ও টেকনাফের হ্নীলার লেদা পশ্চিম পাড়ার নুর আহমদের ছেলে নুর কামাল ওরফে সোনাইয়া ডাকাত (৩৪)। র্যাব জানিয়েছে, এরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে বসবাসকারী রোহিঙ্গা। এদের কাছে দুটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রও রয়েছে।
এদের মাঝে ডিবি সাইফুল রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ও দুজনই গ্রুপে সক্রিয় সদস্য বলে দাবি র্যাবের। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদে জানতে পারি রাত সাড়ে ১২টায় দিকে টেকনাফের বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সদস্যরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।