
নিউজ ডেস্কঃ এলডব্লিউজি মানদন্ডের বেশি ক্রোমিয়াম ছাড়লে সংশ্লিষ্ট ট্যানারিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ক্রোমিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ট্যানারিগুলোকে সময় দেয়া হবে। এর মধ্যে ক্রোমিয়ামের মাত্রা এলডব্লিউজি মানদন্ড অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ট্যানারিগুলো বন্ধেরও ব্যবস্থা নেয়া হতে পারে। বুধবার (১১ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্প নগরী, ঢাকা (চতুর্থ সংশোধিত) শীর্ষক প্রকল্পের সিইটিপিসহ সার্বিক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সভায় বক্তৃতা করেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জানানো হয়, ফেব্রুয়ারি ২০২০ এর রিপোর্ট অনুযায়ী সাভারে অবস্থিত চামড়া শিল্পনগরীতে চলমান ট্যানারিসমূহের মধ্যে ১৩০টি ট্যানারির ৭টি যথাযথভাবে ক্রোম নিঃসরণ করছে এবং ৯টি ধীরে ধীরে উন্নতি করছে। এসময় অবশিষ্ট ট্যানারিগুলোকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়।
সভায় সাভারে অবস্থিত চামড়া শিল্প নগরীর বিদ্যমান সমস্যাসমূহ থেকে উত্তরণের প্রস্তাবনাসমূহ কোম্পানির বোর্ড হতে শিল্প মন্ত্রণালয়ে ১৮ মার্চের মধ্যে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। প্রস্তাবনাসমূহর আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় উপস্থিত ছিলেন- শিল্প সচিব মোঃ আবদুল হালিম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোঃ মোস্তাক হাসান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ, কে, এম, রফিক আহাম্মদ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তী, বুয়েটের ডঃ মোঃ দেলোয়ার হোসেন, ডঃ মোঃ আব্দুল জলিল, সত্যন্দ্রনাথ পাল, প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার জিতেন্দ্রনাথ পাল প্রমুখ।