
নিউজ ডেস্কঃ নতুন করে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে কোভিড নাইনটিন শনাক্ত করার সুবিধা সংযোজনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাধারণ লক্ষণ উপসর্গ নিয়ে সরাসরি না এসে বাসায় থেকেই হট লাইনে যোগাযোগ করে চিকিৎসা পাওয়া যাবে বলেও জানায় বিভাগটি। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন হলেই এ থেকে বাঁচা সম্ভব। সাধারণ কিংবা মারাত্মক। যে কোনো ধরনের লক্ষণ-উপসর্গ নিয়ে রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব বিভাগে হাজির হচ্ছেন করোনা সংক্রমণের সন্দেহে থাকা মানুষ। একমাত্র মুখপাত্র প্রতিষ্ঠান হওয়ায় চিকিৎসকরাও এ বিভাগেই রোগীকে পাঠাচ্ছে পরীক্ষার জন্য। একজন বলেন, আমি গতকাল দেখিয়েছি, তখন বলা হয়েছে মহাখালী নিয়ে যেতে।
অবশ্য সারাদেশে শুধু এ প্রতিষ্ঠানটি থেকেই কোভিড নাইনটিন করোনা শনাক্ত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে, কক্সবাজারসহ ঢাকার বাইরেও কয়েকটি বিশেষায়িত ল্যাব প্রস্তুত আছে। এর বাইরে সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে শনাক্তকরণের এ সুবিধা সংযোজনের পরিকল্পনা আছে কি, প্রশ্ন ছিল অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বলেন, আমরা এখনও কোনো বেসরকারি হাসপাতালকে এ পরীক্ষা করার অনুমতি দিতে চাই না। সরকারি হাসপাতালের সব জায়গায় এটা করা সম্ভব নয় এবং দরকারও নাই। যাদের সর্দি-কাশির সমস্যা তারা আসলেই হবে না, তারা আমাদের কল করে জানালে তখন আমরা বলব, এখানে আসতে হবে নাকি আমরা গিয়ে তার নমুনা সংগ্রহ করব। এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকরাও শঙ্কিত না হয়ে বলছেন সতর্কতার কথা।