
নিউজ ডেস্কঃ আমাদের দেশের নারীরা অত্যন্ত নিষ্ঠাবান। পরিবারগুলোকে তারাই ধরে রাখেন, তারাই পরিবারের জন্য কাজ করেন, তারাই সমাজের জন্য কাজ করেন। আজ তাদের ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরে না এলে নারীর অধিকার ফিরে পাওয়া যাবে না। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নারীদের যতটুকু উন্নয়ন, যতটুকু প্রাপ্তি হয়েছে সেটা একদিনে আসেনি। এটা দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আজ বাংলাদেশে যখন নারী দিবস পালন হচ্ছে তখন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি এই দেশের নারীদের জন্যে বহু রকমের উন্নয়নমূলক কাজ করেছেন সেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে।
দলীয় নারী কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফকরুল বলেন, আজ আপনাদের শপথ নিতে হবে, শুধু নারীর অধিকার আদায়ের জন্য নয়, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যও আপনাদের কাজ করতে হবে। কারণ গণতন্ত্র যদি না থাকে তাহলে নারীর অধিকারও থাকবে না। সেটাই আজ বাংলাদেশে প্রমাণিত হয়েছে। তাই গণতন্ত্র ফিরিয় আনতে, গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত করতে এবং নারীদের মুক্ত করতে, সন্ত্রাসমুক্ত নিরাপদ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাদের অবশ্যই এগিয়ে আসতে হবে। ‘খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র মুক্ত হবে না। আপনারা সবাই জানেন তিনি নারীদের জন্য বহু কাজ করেছেন। বাংলাদেশের নারী মুক্তির জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। তিনি নারীদের শিক্ষা অবৈতনিক করেছেন। এটা সবেচেয়ে বেশি সমাদৃত।’