
নিউজ ডেস্কঃক্রিকেটার মেহেদী হাসান মিরাজের ফ্ল্যাটে চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পাশের ফ্ল্যাটে জমে থাকা ধুলার স্তরে পাওয়া জুতার ছাপকে সূত্র ধরে পাওয়া যায় চোরের পরিচয়। চোর দূরের কেউ নয়, ওই বাড়ির থাই গ্লাস সহকারী সোহেল রানা। যোগসাজশ পাওয়া গেছে বাড়ির দারোয়ানেরও। পুলিশ সূত্রে জানা যায়, মিরাজের বাসায় চুরি হয় গত ২০ ফেব্রুয়ারি। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দেখতে পান পাশের ফ্ল্যাটটি খালি পড়ে আছে। সেখানে টাইলসের ওপর জমে থাকা ধুলার স্তরে জুতার দাগ দেখতে পান তিনি। মোবাইল ফোনে সেই দাগের ছবি তোলেন। ছবি পরীক্ষা করে তিনি দেখতে পান জুতার তলায় ‘এআর-৭’ লেখা। এরপর তিনি মার্কেটে গিয়ে খোঁজ করে জানতে পারেন কোন কম্পানির স্যান্ডেলের নিচে এমন নম্বর থাকে। ওই জুতার দাগকে সূত্র ধরে তিনি সাদা পোশাকে ওই বাড়ির আশপাশে তিন দিন নজর রাখেন। গত ৪ মার্চ সন্ধ্যায় তিনি দেখতে পান বাড়ির থাই গ্লাস সহকারী সোহেল রানার পায়ে ওই রকম জুতা রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চুরির রহদেস পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশে নির্মাণাধীন একটি বাড়ির বাথরুমের ওপরে থাকা স্টোর এবং তার পল্লবীর বাসা থেকে ১৩ ভরি স্বর্ণালংকার, হীরা ও ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।