
নিউজ ডেস্কঃ ভাগ্য ফেরাতে লেবাননে গিয়ে লাশ হয়ে দেশে ফিরলেন হবিগঞ্জের আবদুল্লাহ মিয়া (৩৫) ও মোজাম্মেল মিয়া (২২)।মৃত্যুর ২৩ দিন পর শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মরদেহ দুটি বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।মৃতরা হলেন- সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে আবদুল্লাহ মিয়া ও একই গ্রামের আফসার উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া।বিষয়টি নিশ্চিত করে নিহত মোজাম্মেল মিয়ার বড়ভাই জাফর উদ্দিন বলেন, রাত সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহ দুটি বিমানবন্দর থেকে আমরা গ্রহণ করি। মরদেহগুলো আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হয়েছে। আমার ভাইয়ের কফিল (মালিক) মরদেহ দু’টি পাঠানোর সম্পূর্ণ ব্যবস্থা করেন।শনিবার দুপুরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানিয়েছেন।