
নিউজ ডেস্কঃ সৌদি আররে ওমরাহ পালন করতে গিয়ে উধাও হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। সেখানে যাওয়ার পর থেকে তারা পরিবারের সঙ্গেও যোগাযোগ করছেন না। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো দেশে ফিরে না আসায় আতঙ্কিত তাদের পরিবার। পুলিশ বলছে, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে কাজ চলছে।গত ২৫ জানুয়ারি ওমরাহ পালনে সৌদি আরব যান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী আল আমিন ও শেখ মিজানুর রহমান যান ময়মনসিংহের সাদমান ট্রাভেল এজেন্সির মাধ্যমে। আর কৃষি অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী ফাহিম হাসান খান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল মোমেন যান ঢাকার বিএসএস ট্রাভেলস এজেন্সির মাধ্যমে। কিন্তু সৌদি আরব গিয়ে ওমরাহ পালন না করেই তারা হোটেল থেকে পালিয়ে যান বলে জানান ট্রাভেল এজেন্সির মালিকরা। গত ৫ ফেব্রুয়ারি বিষয়টি জানাজানি হলে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় অবহিত করা হয়। গত ২২ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হলেও এখনো দেশে ফিরে না আসায় উদ্বিগ্ন তাদের পরিবারের সদস্যরা।ময়মনসিংহের সাদমান ট্রাভেলস এজেন্সির স্বত্বাধিকারী মো. হাসানুজ্জামান বলেন, জানুয়ারির ২৫ তারিখ তারা ওমরায় যায়। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ভিসার মেয়াদ ছিল। ১ ফেব্রুয়ারি মক্কার ওর্দা হোটেল থেকে পালিয়ে যান তারা।