
নিউজ ডেস্কঃ কয়েক বছর ধরেই বাংলাদেশ ব্যাংক ও ইপিবির দেয়া রপ্তানি আয়ের তথ্যে বিশাল ফারাক। ইপিবির তথ্য অনুযায়ী গেল অর্থবছর যে পরিমাণ পণ্য ও সেবা রপ্তানি হয়েছে, সেই হিসাবে বাংলাদেশ ব্যাংক বলছে, দেশে আসেনি ৫ বিলিয়ন ডলারের বেশি। অর্থাৎ হিসাবের গড়মিল প্রায় ৪৪ হাজার কোটি টাকা। এতো টাকা যাচ্ছে কোথায় সেই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিবছর দেশ থেকে কি পরিমাণ পণ্য ও সেবা রপ্তানি হয়, তার হিসাব রাখে রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবি। আর এই রপ্তানির বিপরীতে দেশে কি পরিমাণ ডলার আসে সেই হিসাব রাখে বাংলাদেশ ব্যাংক। তবে গেল কয়েক বছর ধরেই বড় অংকের গড়মিল থেকে যাচ্ছে এই দুই সংস্থা হিসাবে। ইপিবির হিসাবে গেল অর্থবছর প্রায় ৪১ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রপ্তানি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এর বিপরীতে দেশে এসেছে প্রায় সাড়ে ৩৫ বিলিয়ন ডলার। অর্থাৎ দেশে আসেনি ৫ বিলিয়ন ডলারের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার কোটি টাকা। একইভাবে ইপিবির তথ্যের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের হিসাব, পণ্য ও সেবা রপ্তানির ক্ষেত্রে এর আগের দুই অর্থবছরে দেশে আসেনি প্রায় ৯ বিলিয়ন ডলার বা ৭৩ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র ৩ অর্থবছরে পণ্য রপ্তানির সঙ্গে দেশের বাইরে চলে গেছে প্রায় ১ লাখ ১৬ হাজার কোটি টাকা।