
নিউজ ডেস্কঃ সৈয়দপুর শহরের নিয়ামতপুরে অবস্থিত ননস্টিক তৈজসপত্র ও প্রেশারকুকার তৈরির কারখানা রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রি প্রায় বন্ধের উপক্রম হয়েছে। ইতিমধ্যে কারখানাটির তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে। কারণ হিসেবে জানা যায়, করোনাভাইরাসের কারণে চীন থেকে কাঁচামাল আমদানি বন্ধ রয়েছে। এর ফলে বাধ্য হয়ে ওই কারখানার মালিক ইলেকট্রিক সামগ্রী, গ্যাসের চুলা, ব্লেন্ডার মেশিন, প্রেশারকুকার, ননস্টিক তৈজসপত্র উৎপাদন বন্ধ রেখেছেন। নোয়াহ গ্রুপের ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাজকুমার পোদ্দার বলেন, ‘আমাদের যে কাঁচামাল তা চীন থেকে আমদানি হয়ে থাকে। আমদানি করা ওই সব কাঁচামালের স্টক ফুরিয়ে যেতে বসেছে। নতুন করে আমদানিও বন্ধ রয়েছে। ফলে কারখানাটির ১৮টি ইউনিটের ৩টি বন্ধ হয়ে গেছে। বাকিগুলো বন্ধের উপক্রম হয়েছে।’ রাজকুমার বলেন, সৈয়দপুরের আরও চারটি তৈজসপত্র কারখানা কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে ওই খাতে ৪ হাজার কর্মচারী বেকার হতে বসেছেন। চীনের করোনাভাইরাসের পরোক্ষ প্রভাব পড়েছে নীলফামারীর শিল্প-বাণিজ্য শহর সৈয়দপুরে। নতুন করে কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানি বন্ধ থাকায় বন্ধ হয়ে যাচ্ছে একাধিক কলকারখানা। শ্রমিক ছাঁটাইও অব্যাহত রয়েছে। তৈজসপত্র ছাড়াও সৈয়দপুরের দুটি প্লাইউড কারখানাও কাঁচামালের সংকটে পড়েছে। এসব কারখানার কাঁচামালও চীন থেকে আমদানি-নির্ভর।