News71.com
 Bangladesh
 05 Mar 20, 06:02 PM
 87           
 0
 05 Mar 20, 06:02 PM

করোনা আতঙ্ক॥পরীক্ষা ছাড়া কোনো যাত্রীকেই বাংলাদেশে না আনার নির্দেশ

করোনা আতঙ্ক॥পরীক্ষা ছাড়া কোনো যাত্রীকেই বাংলাদেশে না আনার নির্দেশ

নিউজ ডেস্কঃ বাংলাদেশি ও বিদেশি নাগরিক যারাই বিদেশ থেকে বাংলাদেশে আসতে চান তাদের সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষা করতে হবে। পরীক্ষা ছাড়া কোনো যাত্রীকে বাংলাদেশে না আনতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলা উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশি শ্রমিকদেরও করোনা ভাইরাস পরীক্ষা করে সার্টিফিকেট নিয়ে কুয়েত যেতে হবে। আর এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের কারণে কয়েকটি দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে। মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন এটা নিশ্চিত। তার নিরাপত্তায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এদিকে ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়েছে এ ভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন। শুধু চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে এখন পর্যন্ত ৫ হাজার ৭৬৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন