
নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনে (দুদক) সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের মুখপাত্র ফয়সাল ইসলাম বলেন, দুদকের পরীক্ষা সিটপ্ল্যানের বাইরেও ২৬২ জনের পরীক্ষা নেয়া হয়েছে। এর পক্ষে দুদক এবং টেলিটক যুক্তি দিলেও তা প্রজ্ঞাপন আকারে জানানো হয়নি। অথচ নিয়োগ বিধিমালায় যেকোনো পরিবর্তন জানিয়ে দেয়ার বিধান রয়েছে। তিনি জানান, পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে ১০২ জোড়া রোল পাশাপাশি ছিল। অর্থাৎ ২০৪ জন পাশাপাশি বসে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া আরও কিছু অনিয়ম চোখে পড়ায় তারা এ ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন। এ বিষয়ে ইতিমধ্যে হাইকোর্টে রিট করা হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা।
দাবি আদায়ে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণাও দেন তারা। এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারী পরিচালকের ১৩২টি শূন্যপদে প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফলে সিট প্ল্যানের বাইরে একজনের উত্তীর্ণ হওয়া নিয়ে প্রশ্নের ব্যাখ্যা দেয় টেলিটক। প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড ভ্যাস বিভাগের ব্যবস্থাপক মুহাম্মদ আল-রাজ্জাকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদকের সহকারী পরিচালক পদের প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই শেষে ৯২ হাজার ৯৫৪ জন প্রার্থীর অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হয় এবং সেভাবেই আসন বিন্যাস প্রণয়ন করা হয়। প্রবেশপত্র ইস্যু করার পর যাদের অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হয়নি, তাঁদের কতিপয় আবেদনকারী দুদক বরাবর আবেদন করেন।