
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি ঢাকায় আসবেন? বিষয়টি নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। মোদিকে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে গোটা বাংলাদেশে আন্দোলন হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশ সফর বাতিল করছেন, এরকমই শোনা যাচ্ছে। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। প্রশ্ন, মোদি নিজে না এলে কাকে পাঠানো হবে? কোনও মন্ত্রীকে নয়, পাঠানো হতে পারে ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলাকে। হাওয়ায় এমনই খবর। আগামী দু’একদিনের মধ্যে এ বিষয়টি পরিষ্কার করা হবে। বিভিন্ন দেশ ও সরকারের প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে ওই অনুষ্ঠানে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উদ্বোধনী আয়োজনকে সামনে রেখেই গত সোমবার দু’দিনের সফরে ঢাকা এসেছিলেন ভারতের বিদেশসচিব শ্রিংলা। কয়েক বছর আগে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন করে গেছেন তিনি। সফরকালে শ্রিংলা দেখা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে।