
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর প্রাক্কালে বাংলাদেশের জনগণকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র ম্যুরিয়েল বসের। সোমবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক ঘোষণাপত্রে মেয়র জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ।এর আগে ২০১৮ সালে ওয়াশিংটন ডিসির মেয়র ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেন।ওই ঘোষণায় বলা হয়, এই দিনটিতে বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের কথা স্মরণ করছে।এতে আরো বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহনশীল, বহুদলীয়, মধ্যপন্থী দেশ হিসেবে চিহ্নিত করেছে, যেটি বিশ্বের কাছে একটি উদাহরণ সৃষ্টি করেছে, যার বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।