
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই কামরুল হাসানকে কুপিয়ে আহত করেছেন তার স্ত্রী। এ ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে।রোববার (০১ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর এলাকার তার ভাড়াকৃত বাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে মূমুর্ষ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এটিএসআই কামরুলের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে রোববার বিকেল ৩টার দিকে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে তার স্ত্রী কামরুলকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এবং পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। পলাতক স্ত্রীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।