
নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামলীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।র্যাব-২ এর কর্মকর্তা পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, রোববার (১ মার্চ) মধ্যরাতে শ্যামলীর শিশু পার্ক ওয়ান্ডারল্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।তিনি বলেন, শিশু পার্কের সামনের রাস্তায় র্যাব সদস্যরা টহল চৌকি বসিয়ে তল্লাশি করছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে একটি অটোরিকশা থেকে চারজন নেমে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আচমকা গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন আহত হন ও অন্য তিনজন পাশের হাসপাতালের দেয়াল টপকে পালিয়ে যায়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র্যাবের এ কর্মকর্তা। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে, আনুমানিক বয়স ৪৫ বছর হতে পারে। মহিউদ্দিন ফারুকী জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। র্যাব কর্মকর্তা ফারুকী বলেন, ঘটনাস্থলে দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গিয়েছে। একটিতে নাম লেখা রয়েছে হানিফ এবং আরেকটিতে শামীম বিশ্বাস। নিহত ব্যক্তি কে, তা পরে মিলিয়ে দেখা হবে। তিনি আরো বলেন, এই চক্রটি অটোরিকশায় করে ছিনতাই, দস্যুতায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।