
নিউজ ডেস্কঃ দেশের ঘাটতি মেটানোর পাশাপাশি ভালো দাম পাওয়ার আশায় এবার বেশি জমিতে পেঁয়াজ চাষ করেছেন চাষিরা। দেশের উৎপাদিত পেঁয়াজের ৮০ ভাগ যখন আগামী মাসে বাজারে উঠবে তার আগেই ভারত পেঁয়াজের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আমদানির প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা।এ অবস্থায় বাণিজ্যমন্ত্রী জানালেন, দাম কমাতে ১০-১৫ দিনের মধ্যে দেশে ঢুকবে ভারতীয় পেঁয়াজ। কৃষকদের দাবি, ভারত থেকে যেন পেঁয়াজ আমদানি না করা হয়। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, চাষিদের সুরক্ষার পরিবর্তে ভারত থেকে আমদানি হলে পেঁয়াজে স্বাবলম্বী হবার পথ বন্ধ হয়ে যাবে।গেল বছরের ২৯ সেপ্টেম্বর হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। ফলে দেশে সরবরাহ সঙ্কটে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম ওঠে ২৬০ টাকা কেজি। এ সময় পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মৌসুমে আমদানি বন্ধ ও চাষিদের সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতি দেয় সরকার।কৃষকেরা বলেন, পেঁয়াজের দাম যেভাবে আছে, সেভাবে থাকলে আমরা কিছুটা লাভবান হব। সরকারের কাছে আকুল আবেদন এ সময়ে যেনো সরকার বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি না করে। সরকারের আশ্বাসে ভালো দামের আশায় এবার বেশি জমিতে পেঁয়াজ আবাদ করেন কৃষকেরা। মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝিতে আবাদ করা ১৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ বাজারে আসবে। দেশের ভরা মৌসুমের ঠিক আগ মুহূর্তে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। মার্চের শুরুতেই স্থলবন্দরগুলোতে আসতে শুরু করবে ট্রাকভর্তি ভারতীয় পেঁয়াজ। এতে চরম বিপর্যয়ের মুখে পড়বে কৃষকেরা।