
নিউজ ডেস্কঃ পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে আটজন কর্মী আহত হয়েছেন।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত নয়টায় উপজেলার ভুলতা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ব্যক্তিগত কাজে মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জে যান। ফেরার সময় তাকে এগিয়ে দিতে যান উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুমসহ স্থাণীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মাছুমের প্রাইভেটকারো সাথে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালার হাইয়েস গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে হানজালার সমর্থক নেতাকর্মীরা মাছুমকে লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে পরে মাছুম গ্রুপ তার সমর্থক লোকজন নিয়ে হানজালার নিয়ন্ত্রনাধীন তেলাপাড়া ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে হানজালার সমর্থকরা একত্রিত হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার ও মাছুমের ভুলতা নাহাটি ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় দুইপক্ষ মুখোমুখি সংর্ঘষে জড়িয়ে পড়লে বেশ কয়েটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এতে আতংকে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।