
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার শ্রীমঙ্গলে ৯ মেট্রিক টন পেঁয়াজ ভর্তি পরিত্যক্ত একটি ট্রাক জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন এসব পেঁয়াজের কোনো মালিকানা খুঁজে পায়নি। ফলে বাধ্য হয়ে পেঁয়াজগুলো নিলামে বিক্রি করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এসব পেঁয়াজ নিলামে বিক্রি করা হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে শ্রীমঙ্গল উপজেলা শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিত্যক্ত পেঁয়াজ ভর্তী একটি ট্রাক পড়ে থাকতে দেখা যায়। পেঁয়াজ ভর্তি ট্রাকের মালিকানা খুঁজে পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন পরে এ ট্রাকটি জব্দ করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসে। ট্রাকটিতে প্রায় নয় মেট্রিক টন পেঁয়াজ ছিলো। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এসব পেঁয়াজ শ্রীমঙ্গল থানা চত্বরে খোলা বাজারে নিলামে বিক্রির আয়োজন করা হয়। এ নিলাম বাজারে মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকার ব্যবসায়িরা অংশ নেন। জানা গেছে, নিলামে সর্বোচ্চ দর দাতা হিসাবে শ্রীমঙ্গল উপজেলা ব্যবসায়ি হাজী কামাল হোসেন তিন লাখ ৮৭ হাজার টাকায় এসব পেঁয়াজ কিনে নেন। পুলিশ জানিয়েছে, নিলাম কাজের পরিচালনায় ছিলেন সমশেরনগর চাতলা পুর শুষ্ক ষ্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা সজল কান্তি দাস। পুলিশ ধারণা করছে, অতি মুনাফার আশায় কালোবাজারী কোনো ব্যবসায়ী এ নয় মেট্রিক টন পেঁয়াজ ভারতে থেকে চোরাই পথে নিয়ে আসছিলো।