
নিউজ ডেস্কঃ বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখ পাড়ায় দুর্বৃত্তের ব্রাশফায়ারে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু। ঘটনার সময় আতঙ্কে বাখইয় (৬১) নামে এক স্থানীয় স্ট্রোক করে মারা গেছেন। আহতরা হলেন- মংক্য চিং (২৫), ক্য প্রু মং (৪০), আদাসে (৩২), লা মং সিং (৩৫), সাবেক মেম্বার উ চ থোয়া (৬০)। এরা সবাই একই এলাকার বাসিন্দা। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জামছড়ি মুখ পাড়ার একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাদের উপর ব্রাশফায়ার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের কয়েকটি দল এসে এলোপাথাড়ি ব্রাশফায়ার করে। গুলিতে ঘটনাস্থলেই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।