
নিউজ ডেস্কঃ সরকারকে এক হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন। আপিল বিভাগের নির্দেশে আগামী ২৩ ফেব্রুয়ারি (রোববার) দেশের টেলিকমিউনিকেশন খাতের প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা দেবে।প্রতিষ্ঠানটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মো. হাসান শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।এর আগে বিটিআরসির নিরীক্ষা দাবির পাওনা এক হাজার কোটি টাকা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ। বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক ওইদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, গ্রামীণফোন যদি টাকা না দেয় আমরা প্রশাসক নিয়োগ করবো। ওনার কাজ হবে এই ইন্ডাস্ট্রি চালানো। তাদের বেতন-ভাতা যা যা আছে সব দেবে, সব করবে। এরপর টাকা যা বেশি হবে সেই টাকা সরকারের কাছে জমা দেবে। সে টাকা যখন জমা দেওয়া শেষ হয়ে যাবে তখন মেয়াদ শেষ হবে। বিটিআরসি চেয়ারম্যান আরো বলেন, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমার যতটুকু মনে হয় টাকাটা তারা দিয়ে দেবে।