
নিউজ ডেস্কঃ রাজধানীতে প্রবেশ করেছে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ। অতিরিক্ত সেবনে মৃত্যু অপরিহার্য—তার পরও তরুণরা এর দিকে ঝুঁকছে। আগে থেকে ইয়াবায় আসক্ত মাদকসেবীদের মধ্যে ক্রিস্টাল মেথ (আইস ও গ্লাস নামেও পরিচিত) গ্রহণের প্রবণতা বেশি। মাদক কারবারিরা বিভিন্নভাবে সংগ্রহ করছে এ দামি মাদকটি—এ তথ্য জানিয়েছে সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ গ্রেফতার শফিকুল ইসলাম।এ নিয়ে গত এক বছরে রাজধানীতে ক্রিস্টাল মেথের তিনটি চালান জব্দ হলো। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও বলেছেন, মাদকটির বিস্তার ঘটতে শুরু করেছে। তারা বলেছেন, প্রায়ই তাদের কাছে খবর আসছে—নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে ক্রিস্টাল মেথ।মূলত ক্রিস্টাল মেথামফেটামাইনের সংক্ষিপ্ত নাম ক্রিস্টাল মেথ। এটি দেখতে স্বচ্ছ পাথরের মতো। রং নীলাভ সাদা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে সৈনিকদের সজাগ ও উদ্দীপ্ত রাখতে মেথ ব্যবহারের কথা শোনা গেছে। চিকিত্সকরা স্থূলতা দূর করতে ও অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের (এডিএইচডি) চিকিত্সায় সীমিত ক্ষেত্রে মেথামফেটামাইন ব্যবহার করেন উন্নত বিশ্বে।জানা গেছে, ক্রিস্টাল মেথ সেবনের সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা অত্যন্ত দ্রুত বেড়ে যায়, এ অবস্থায় অনেকের মৃত্যুও হয়। এটি মানুষের শরীরে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। সবচেয়ে বড়ো ব্যাপার এটি দীর্ঘমেয়াদি মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করে।