
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। এ সময় তার বডিগার্ড এসআই আব্দুল বারেক ও গাড়ি চালক হেলাল উদ্দিনও আহত হন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে এ দুর্ঘটনা ঘটে। বডিগার্ড আব্দুল বারেক জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যাওয়ার পথে বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমানকে বহনকারী গাড়ি রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে সামনে থেকে একটি প্রাইভেটকার হঠাৎ মহাসড়কে উঠে পড়ে। এ সময় তাদের গাড়ির চালক ওই প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে উঠিয়ে দেয়। এতে বিভাগীয় কমিশনারসহ আমরা আহত হই।পরে তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, বিভাগীয় কমিশনার মাথা, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত।