
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া, শরীয়তপুর-চাঁদপুর ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে বারোটি ফেরি। ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। একারণে দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় পদ্মার মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে, একই কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝনদীতে আটকা পড়েছে পাঁচটি ফেরি। ঘন কুয়াশায় মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। মাঝ পদ্মায় আটকা পড়েছে চারটি ফেরি। কুয়াশা কমে গেলে পুণরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।