
নিউজ ডেস্কঃ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারের গুরুত্বপূর্ণ ৩৫টি এলাকায় ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করা হয়েছে। এর ফলে যে কেউ নিজেদের মোবাইল ফোন, প্যাড ও ল্যাপটপের মাধ্যমে এসব এলাকায় বিনামূল্যে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ জেলার কলাতলীর ‘কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন। প্রকল্পটি পুরোপুরিভাবে বাস্তবায়নের পর কক্সবাজারের অধিবাসী ও পর্যটক মিলে প্রায় ৩৮ হাজার মানুষ কোনো ধরণের খরচ ছাড়াই সরকারি ই-পরিষেবাসহ আনলিমিটেড ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় সিলেট ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় এই ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করা হচ্ছে। প্রকল্পের ক্লাউড নিয়ন্ত্রিত ওয়াই-ফাই সমাধান প্রদান করেছে হুয়াওয়ে।